সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ইরানের ওপর পরিকল্পিত বিমান হামলা বাতিল করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্তের পেছনে ইরানের সঙ্গে ‘দ্রুত’ একটি চুক্তিতে পৌঁছানোর শর্ত দিয়েছেন তিনি। শনিবার (১ আগস্ট) রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেন।
ট্রাম্প জানান, প্রস্তাবিত এই চুক্তির মূল শর্ত হলো—আন্তর্জাতিক তেল পরিবহনের কৌশলগত জলপথ ‘হরমুজ প্রণালি’ অবিলম্বে উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো। ইসরায়েলের সঙ্গে পরামর্শ করেই যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘর্ষের পর এপ্রিলে ঘোষিত যুদ্ধবিরতি জুন মাসে ভেঙে যায়। এরপর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা নতুন করে তীব্র রূপ নেয়। উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের ইতোমধ্যে উচ্চ সতর্কতায় থাকার এবং প্রয়োজনে দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।
ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অনুরোধে এবং আলোচনার সুযোগ তৈরি করতেই শেষ মুহূর্তে এই হামলা বাতিল করা হয়েছে। তবে দ্রুত চুক্তি না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরবর্তীতে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে।