শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর চূড়ান্ত করতে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ভারত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয়ের পর থেকেই নতুন প্রধানমন্ত্রীর সফর নিশ্চিত করতে তৎপর হয়ে ওঠে নয়াদিল্লি। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতির দপ্তরের একটি বার্তায় সফরের অভ্যর্থনা প্রস্তুতি ও প্রেসিডেন্ট গার্ডদের রিহার্সালের বিষয়টি সামনে আসার পর এ তৎপরতা আরও স্পষ্ট হয়, যদিও পরবর্তীতে বার্তাটি প্রত্যাহার করা হয়।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন ও অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঢাকা-দিল্লি সম্পর্কের যে অবনতি ঘটেছিল, তা পুনর্গঠন করতে চায় ভারত। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ভারতে অবস্থান দ্বিপাক্ষিক সম্পর্কে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সফরের পরিবেশ তৈরিতে হাসিনাকে ফেরত দেওয়ার শর্ত দিয়েছে ঢাকা।
এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ভারতে সর্বোচ্চ সম্মান ও স্মরণীয় অভ্যর্থনা জানানোর আশ্বাস দিয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগ সুবিধা ও সীমান্ত স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা দিল্লির জন্য অত্যন্ত কৌশলগত বিষয়। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সম্প্রতি দিল্লিতে তাঁর ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার টানাপোড়েন এখনও সম্ভাব্য সফরটির ওপর ছায়া ফেলছে।