শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
হিমালয় অঞ্চলে ভয়াবহ ভূমিধসে অন্তত ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নেপাল প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার এই তথ্য জানিয়ে আরও বড় বন্যার আশঙ্কা প্রকাশ করেন। তিনি জানান, ভূমিধসে সৃষ্ট একটি হ্রদের পাড় ভেঙে যাওয়ায় ত্রাণবাহী ট্রাক আটকা পড়ে এবং উদ্ধারকাজ সাময়িকভাবে ব্যাহত হয়।
এদিকে দুর্যোগের ঝুঁকি এখনো কাটেনি বলে সতর্ক করেছেন জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যালয়ের প্রধান কমল কিশোর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মুখপাত্র তারিক জাসারেভিচ জানিয়েছেন, দুর্যোগে ছয়টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আটজন স্বাস্থ্যসেবা কর্মী এখনও নিখোঁজ রয়েছেন। পাশাপাশি বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় ডায়রিয়া এবং শ্বাসতন্ত্রের জটিলতাসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।