শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

যে দেশের তেলের মজুত দখলের ঘোষণা দিলেন ট্রাম্প

যে দেশের তেলের মজুত দখলের ঘোষণা দিলেন ট্রাম্প

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৮ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানান, বেসরকারি খাতের অংশীদারত্বের মাধ্যমে ওপেকভুক্ত দেশটির প্রায় ৬৫ বিলিয়ন ব্যারেল প্রমাণিত তেলের নিয়ন্ত্রণ এখন মার্কিনিদের হাতে। মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে ভেনেজুয়েলার ক্ষতিগ্রস্ত জ্বালানি খাত পুনরুজ্জীবিত করা এবং অভ্যন্তরীণ বাজারে তেলের দাম কমাতেই এই ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। খবর রয়টার্সের।

ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এর বার্তা অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে যৌথভাবে কাজ করে এ নিয়ন্ত্রণ নিশ্চিত করেছেন। এতে মার্কিন করদাতাদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়নি।

চুক্তিটিকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানান, ১৭টি কৌশলগত তেলক্ষেত্রের উন্নয়নের ফলে তেল উৎপাদন বহুগুণ বাড়বে এবং ভেনেজুয়েলা প্রায় ২০৯ বিলিয়ন ডলার রাজস্ব আয় করবে। রয়টার্সের তথ্যমতে, তেলক্ষেত্রগুলো মূলত অরিনোকো বেল্ট ও মারাকাইবো হ্রদ অঞ্চলে অবস্থিত এবং এগুলো মার্কিন উৎপাদকদের কাছে লিজভিত্তিক নিলামের মাধ্যমে বরাদ্দ দেওয়া হতে পারে। তবে সংবিধান অনুযায়ী জ্বালানি খাতে রাষ্ট্রীয় একচ্ছত্র নিয়ন্ত্রণের বাধ্যবাধকতা থাকায় এই প্রক্রিয়া আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের সর্ববৃহৎ তেল মজুত থাকা সত্ত্বেও বিনিয়োগ সংকট ও নিষেধাজ্ঞার কারণে ভেনেজুয়েলায় বর্তমানে দৈনিক মাত্র ১২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদিত হয়। এই চুক্তির ফলে মার্কিন জ্বালানি কোম্পানিগুলো দীর্ঘমেয়াদে দেশটিতে তেল অনুসন্ধান ও সরাসরি যুক্তরাষ্ট্রে সরবরাহের সুযোগ পেতে যাচ্ছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com