শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

নেত্রকোণায় মোবাইল ফোন নিয়ে বিবাদে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

নেত্রকোণায় মোবাইল ফোন নিয়ে বিবাদে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কেন্দুয়ায় মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবক মারা যান।

যুবক হচ্ছেন,উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চান মিয়ার ছেলে সাবিকুল ইসলাম (২৮)।

এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিলেন যুবক সাবিকুল।

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সাবিকুলের সাথে তার প্রতিবেশী তারা মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ নুরুল্লাহ শুরু থেকেই তারা মিয়ার পক্ষ নিয়ে সাবিকুলদের সাথে বিরোধ করতেন। প্রায় দুই বছর আগে সাবিকুলের একটি মোবাইল ফোন হারিয়ে গেলে সেটি উদ্ধার হওয়ার পর নুরুল্লাহ ওই ফোনটি নিজের কাছে আটকে রাখেন।শনিবার রাতে গ্রামের একটি দোকানে মোবাইল ফোনটি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে, নুরুল্লাহ তার লোকজন নিয়ে সাবিকুলের ওপর হামলা চালান। এ সময় সাবিকুল ও তার বন্ধু একই গ্রামের শরীফুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সাবিকুলের অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতেই সেখানে নেওয়া হলেও অবস্থার আরো অবনতি ঘটলে রাজারবাগ বিএমকে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রবিবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবিকুলের মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এবং স্থানীয় অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন।

ওসি মিজানুর রহমান আরো জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। হত্যাকান্ডের ঘটনায় আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com