শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের টান এড়াতে না পেরে বাংলাদেশে ছুটে এসে খ্রিষ্টধর্ম ত্যাগ ও ইসলাম গ্রহণপূর্বক জামালপুরের এক তরুণীকে বিয়ে করেছেন ফিনল্যান্ডের নাগরিক মিকা পেত্তেরি সিমোলা (৩৮)। গত ২ অক্টোবর জামালপুর জজ কোর্টের নোটারি পাবলিক ও ধর্মীয় রীতি মেনে শান্তিনা জাহান সিমি (২৮) নামের ওই তরুণীর সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। ভিনদেশি নাগরিকের এমন ভালোবাসার পরিণতি স্থানীয় এলাকায় ব্যাপক কৌতুহল ও আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার দৌলতপুর গ্রামের চা বিক্রেতা রফিকুল ইসলামের মেয়ে সিমির সাথে ফিনল্যান্ড প্রবাসী এক স্বজনের মাধ্যমে মিকার পরিচয় হয়েছিল। পরবর্তীতে মুঠোফোনে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাঁদের নিবিড় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর পর মিকা ইসলাম ধর্ম গ্রহণ করে নতুন নাম নেন ‘মিকাইল’। এরপর ১০ লাখ টাকা দেনমোহরে উভয় পরিবারের সম্মতি ও আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের বিয়ে রেজিস্ট্রি করা হয়।
নিবন্ধনের তথ্য অনুযায়ী, ফিনল্যান্ডের সংশ্লিষ্ট সংস্থা থেকে ছাড়পত্র ও নিজ দেশের বিচ্ছেদসংক্রান্ত যাবতীয় আইনি কাগজপত্র নিয়েই তিনি বাংলাদেশে আসেন। আগামী ১৮ অক্টোবর মিকার ফিনল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়া সম্পন্ন করে সিমি ও তাঁর পাঁচ বছর বয়সী শিশুপুত্রকে ফিনল্যান্ডে নিয়ে যাবেন বলে জানিয়েছেন নবদম্পতি। এ বিয়েতে পরিবারের সদস্যসহ স্থানীয় অধিবাসীরাও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।