মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে গুলি করে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত সন্দেহে অপূর্ব (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে পৌর শহরের পুরাতন সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অপূর্ব উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, অপূর্ব হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন শুটারের ভাগনে। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত থাকার পাশাপাশি হামলাকারীদের অস্ত্রের ব্যাগটি তার হেফাজতেই ছিল। এর আগে গত বছরের ১০ নভেম্বর সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাটে সাংবাদিক আলিফকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলারও অন্যতম আসামি ছিল এই অপূর্ব।
পুলিশ আরও জানায়, সাংবাদিক হত্যাকাণ্ডে সরাসরি ৫ থেকে ৬ জন অংশ নেওয়ার পাশাপাশি এর নেপথ্যে একটি অর্থদাতা চক্রের সন্ধান মিলেছে। জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে পিবিআই, সিআইডি ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সমন্বিত অভিযান চালাচ্ছে।