মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে তাঁর নির্দেশে দুর্গাপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ নিহতের বাড়িতে গিয়ে নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা ও পরিবারের সদস্যদের জন্য পোশাক সামগ্রী তুলে দেন। একই সঙ্গে পিতৃৃহীন দুই সন্তানসহ নিহতের স্ত্রী আনন্দিতা সাংমার সম্মানজনক জীবিকার তাগিদে চাকরির ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি।
সহায়তা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সহ-সভাপতি এম এ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা। দলীয় নেতারা জানান, পরিবারের পাশে থাকার পাশাপাশি খুনিদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন ডেপুটি স্পিকার। এদিকে কান্নাজড়িত কণ্ঠে স্বামী হত্যার সুষ্ঠু বিচার ও জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন আনন্দিতা সাংমা; এ ঘটনায় তিনি অজ্ঞাত আটজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে তেলুঞ্জিয়া এলাকায় সাংবাদিক আলিফ ফকিরকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ছয়টি গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করে।