মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন, অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছে রাষ্ট্রপক্ষ। সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আদালত খুললেই এসব সংবেদনশীল মামলার চূড়ান্ত নিষ্পত্তি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
রোববার (১৮ অক্টোবর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের তিনি জানান, বহুল আলোচিত এই তিনটি মামলার বিচারিক আদালত ও হাইকোর্ট বিভাগের রায় সম্পন্ন হলেও দীর্ঘদিন ধরে সেগুলো আপিল বিভাগে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ছুটি শেষে রাষ্ট্রপক্ষ অগ্রাধিকার ভিত্তিতে এগুলোর শুনানির উদ্যোগ নেবে। ২০১৪ সালের নারায়ণগঞ্জের সাত খুনের মামলায় ১৫ জনের মৃত্যুদণ্ড, ২০২০ সালের মেজর সিনহা হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপসহ দুজনের মৃত্যুদণ্ড এবং ২০১৯ সালের আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছিলেন হাইকোর্ট। আপিল বিভাগের শুনানির মধ্য দিয়েই মামলাগুলোর চূড়ান্ত আইনি নিষ্পত্তি সম্পন্ন হবে।