মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি একটি টিভি চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজে বিকৃত ভিডিও প্রকাশের ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। সেই আলোচনা-সমালোচনার রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন এই অভিনেত্রী।
শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর সাজে ক্যামেরাবন্দি হয়েছেন পরীমনি। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন এক তাৎপর্যপূর্ণ বার্তা—‘শুভ শক্তির জয় হোক…’।
পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের ইতিবাচক প্রতিক্রিয়ায় ভাসছেন অভিনেত্রী। দেবীর সাজে তার মিষ্টি হাসি ও ব্যতিক্রমী উপস্থিতি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। সাম্প্রতিক বিতর্কের মুখে এমন ইতিবাচক ও উৎসবমুখর আবহে তার আত্মপ্রকাশকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা।
ব্যক্তিগত ও সামাজিক মাধ্যমের নানা আলোচনার পাশাপাশি পেশাগত কাজেও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি তিনি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নতুন ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং সম্পন্ন করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ এবং একটি বিশেষ চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।