মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ কর্মসূচিতে ব্যক্তিগত লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘খণ্ডিত ও বিভ্রান্তিকর’ দাবি করে তিনি জানান, মাদক কারবারিদের মারমুখী আচরণ ও হামলার আশঙ্কায় সম্পূর্ণ আত্মরক্ষার্থে সাময়িকভাবে তিনি অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো এক বিবৃতিতে এ ব্যাখ্যা দেওয়া হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, একটি স্পর্শকাতর ঘটনার মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও বা ফটোকার্ড দিয়ে সামগ্রিক প্রেক্ষাপট মূল্যায়ন না করে জনমনে পরিকল্পিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
প্রতিমন্ত্রীর ভাষ্যমতে, গত ১৭ অক্টোবর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নেন তিনি। স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ ও গত জুনে মাদক সংক্রান্ত সহিংসতায় তিনজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সেখানে পুলিশ ফাঁড়ি স্থাপনে ডিও লেটারও দিয়েছিলেন। ওই কর্মসূচিতে যাওয়ার আগে মাদক কারবারিদের দিক থেকে ছাদ থেকে গুলি চালানোর মতো নিরাপত্তাঝুঁকির সতর্কতা ছিল।
বিবৃতিতে দাবি করা হয়, কর্মসূচি চলাকালে একটি অস্থায়ী মাদকের আস্তানার কাছে পৌঁছালে ৩০–৩৫ জন ব্যক্তি তাঁদের গাড়িবহরের দিকে মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসেন। এ সময় জানমালের নিরাপত্তা বিবেচনায় তিনি ও তাঁর সরকারি নিরাপত্তারক্ষীরা গাড়ি থেকে নেমে অল্প সময়ের জন্য আত্মরক্ষার্থে অস্ত্র উঁচিয়ে ধরেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরপরই অস্ত্র যথাস্থানে রাখা হয়। প্রদর্শিত আগ্নেয়াস্ত্রটি সম্পূর্ণ বৈধ ও লাইসেন্সপ্রাপ্ত বলেও তিনি জানান।
ঘটনার পর পুলিশের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে ৪–৫টি অবৈধ আস্তানা উচ্ছেদ করা হয়। সেখান থেকে হেরোইন, বিদেশি মদ, দেশীয় অস্ত্র, নগদ অর্থ ও ছিনতাই হওয়া মোবাইল উদ্ধারসহ ছয়জন মাদক কারবারিকে আটক করে গেন্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবৃতিতে প্রথম আলো, দ্য ডেইলি স্টারসহ কয়েকটি গণমাধ্যমের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলা হয়, সামগ্রিক অভিযান, মাদক উদ্ধার ও আটকের তথ্য উপেক্ষা করে কেবল অস্ত্র প্রদর্শনের দৃশ্যকে বড় করে প্রচার করা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।