মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি বলেছেন, আওয়ামী লীগ ভেবেছিল লুটপাট চালিয়ে কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দলটির শীর্ষ ব্যক্তিরা আজ দেশ ছেড়ে পালিয়েছে।
আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে তাঁকে এক গণসংবর্ধনা দেওয়া হয়। উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, অন্তর্বর্তী সরকারের আমলেই আওয়ামী লীগের বহু নেতার বিভিন্ন অপরাধ ও হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে এবং শেখ হাসিনাকে আদালত মৃত্যুদণ্ড দিয়েছেন। বর্তমান নির্বাচিত সরকারও দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
দেশে পূর্ণ বাক-স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান বাংলাদেশে যে কেউ সরকার বা সরকারপ্রধানের সমালোচনা করতে পারেন। সরকারের অভ্যন্তরীণ জবাবদিহিতার নজির তুলে ধরে স্পিকার আরও বলেন, “হাসপাতাল দখলের অভিযোগে এক নারী সংসদ সদস্যকে তাৎক্ষণিক পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সদ্য সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্দেশ্য মহৎ হলেও এবং পুলিশের ওপর গুলিবর্ষণকারী মাদক কারবারিদের দমন করতে গেলেও তাঁর হাতে অস্ত্র তুলে নেওয়া সমীচীন হয়নি। সে কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। অতীতে কোনো সরকার নিজের দলের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে এভাবে আপসহীন ব্যবস্থা নেওয়ার সাহস দেখায়নি।”
সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার এবং উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।