মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

শিরোনাম :
আইন লঙ্ঘনের অভিযোগ, মুক্তির আগেই বাধার মুখে আয়ুষ্মান-সারার সিনেমা পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, অস্থিরতা তৈরির চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ ১২ বছর পর একই দিনে আবারও মৃত্যুর মিছিল আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার ৯ মাসে মব সহিংসতায় ১৮৭ মৃত্যু, কারাগারে মারা গেছেন ৯৫ বন্দি ঘরেই সহজে বানিয়ে নিন জিভে জল আনা চালের মিষ্টি: রইল সহজ রেসিপি শাহজালাল বিমানবন্দরে আগুন কানাডা ছাড়ছে না আলবার্টা: বিচ্ছিন্নতার গণভোটে বড় ধাক্কা খেল ট্রাম্প শিবির ইশরাক হোসেনের পদক্ষেপ সঠিক, কিন্তু প্রক্রিয়া ভুল: জামায়াত আমির
পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, অস্থিরতা তৈরির চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

পালিয়ে যাওয়া স্বৈরাচার অর্থ দিচ্ছে, অস্থিরতা তৈরির চেষ্টা করছে আরেক পক্ষ: তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

পালিয়ে যাওয়া স্বৈরাচার বাইরে থেকে বিপুল অর্থ সরবরাহ করছে এবং সেই অর্থের মদদে দেশের ভেতরে আরেকটি পক্ষ পরিকল্পিতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই মূলনীতিতে যারা বিশ্বাস করে না, তারাই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য রয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সম্প্রতি দেশের বেশ কয়েকটি শিল্পাঞ্চল ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার চক্রান্ত হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, বিদেশে অবস্থানরত পতিত স্বৈরাচারী চক্র দেশে অর্থ পাঠাচ্ছে এবং অভ্যন্তরীণ একটি গোষ্ঠী সেই অর্থে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তিনি বলেন, নির্বাচনের আগেও যারা ভুয়া টিকিট বিক্রির মতো নানা বিভ্রান্তি ছড়িয়েছিল, এই অপতৎপরতার সঙ্গে তাদের স্পষ্ট যোগসাজশ রয়েছে। অর্থনীতি ও মানুষের ভাগ্যোন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না জানিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকার ওসমানী উদ্যানে জুলাই শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। সরকার শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসায় পূর্ণাঙ্গ সহায়তা নিশ্চিত করছে। তবে জুলাই চেতনা নিয়ে রাজনীতি করা দলগুলোর ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিক কর্মসূচিতে সব দলকে আমন্ত্রণ জানানো হলেও তথাকথিত চেতনাধারীদের কোনো প্রতিনিধি উপস্থিত হননি; যা ১৯৭১ সালের মতোই জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা।

রাজশাহী অঞ্চলের দীর্ঘদিনের পানিসংকট নিরসনে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা নদীর পানিপ্রবাহ হ্রাস এই অঞ্চলের কৃষির জন্য বড় হুমকি। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে সরকারের পক্ষ থেকে তিস্তা ও পদ্মা নদীতে আধুনিক ব্যারাজ নির্মাণের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার পাশাপাশি দেশের ন্যায্য পানির হিস্যা আদায়ে সরকার কোনো ধরনের আপস করবে না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com