মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
রাজধানীর ভাটারা এলাকায় পুলিশ সদর দপ্তরে কর্মরত এক অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) গোয়েন্দা বিভাগ। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৮৪ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এ সময় ওই বাড়িটি থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাত থেকে ভাটারা থানার পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত ওই বহুতল ভবনে এ বিশেষ অভিযান চালানো হয়। ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা গেছে, আড়াইতলাবিশিষ্ট বাড়িটির মালিক বিসিএস ২৪তম ব্যাচের কর্মকর্তা ও অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-২ শাখায় কর্মরত। এর আগে তিনি সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমানের স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
গোয়েন্দা পুলিশ জানায়, আন্তর্জাতিক আবাসন ভাড়ার প্ল্যাটফর্ম এয়ারবিএনবির (Airbnb) মাধ্যমে বাড়িটি স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া হতো এবং সেখানে নিয়মিত অসামাজিক কার্যকলাপ ও মদের আসর বসার তথ্য ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভোররাতে বাড়িটি ঘিরে ফেলে গোয়েন্দা দল। তল্লাশি চালিয়ে সেখান থেকে ৮৪ জন তরুণ-তরুণীকে আটক করার পাশাপাশি বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে তাঁর নম্বরটি বন্ধ পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।