শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার আন্তর্জাতিক বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি ও সার্বিক অবকাঠামো উন্নয়নে চলমান প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় মোংলা নৌঘাঁটি বানৌজা থেকে সড়কপথে বন্দরের প্রধান ফটক দিয়ে জেটি অভ্যন্তরে প্রবেশ করেন তিনি। এ সময় ফটকের বাইরে উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাঁকে অভিবাদন জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের সম্প্রসারণ ও বর্ধিতকরণ প্রকল্প, জেটি সুবিধা, কনটেইনার ইয়ার্ডসহ গুরুত্বপূর্ণ আধুনিক অবকাঠামোগত স্থাপনা ঘুরে দেখেন।
এ সময় বন্দরের পণ্য খালাস কার্যক্রম দ্রুততর করা, আধুনিকায়ন প্রকল্পগুলোর গতি বাড়ানো এবং আন্তর্জাতিক বাণিজ্যের সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সরকারপ্রধান। পরিদর্শনকালে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা ও মোংলা বন্দরের সার্বিক গতিশীলতা মূল্যায়নে বৃহস্পতিবার সকালে সরকারি সফরে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে তিনি হেলিকপ্টার ও জলযানে খুলনা এবং সুন্দরবনের উপকূলীয় এলাকা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে পৌঁছে মধ্যাহ্ন বিরতি শেষে বিকেলে সরাসরি বন্দর জেটিতে যান।
বন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য প্রকল্পগুলো পর্যালোচনা করেন। দিনব্যাপী গুরুত্বপূর্ণ এ সফর শেষ করে বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।