শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাসে হাম ও উপসর্গ নিয়ে শিশুমৃত্যু ১২০৭

ছয় মাসে হাম ও উপসর্গ নিয়ে শিশুমৃত্যু ১২০৭

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা উদ্বেগজনক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২০৭ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩১ জন রোগী হামে আক্রান্ত বা উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে ঢাকা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়। এর মধ্য দিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত ও সন্দেহভাজন হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২০৭ জনে। পরিসংখ্যানে দেখা যায়, মোট মৃত্যুর মধ্যে ১০৪ জনের ক্ষেত্রে ল্যাব পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছিল। বাকি ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে হামের মারাত্মক উপসর্গ নিয়ে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে ১৫ মার্চ থেকে সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনে। অন্যদিকে একই সময়ে নতুন করে ৩৬ জনের নিশ্চিত হাম সংক্রমণ শনাক্ত হওয়ায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা পৌঁছেছে ২৩ হাজার ২৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৮৯ হাজার ৪৪৮ জন রোগী। চিকিৎসা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন। শিশুসহ বিপুলসংখ্যক মানুষের হামে আক্রান্ত ও মৃত্যুর এ ধারাবাহিকতা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করায় টিকাদান ও সতর্কতা জোরদারের তাগিদ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com