শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সরকারি ঋণে বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

সরকারি ঋণে বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান ৪৫তম

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসনসংকট, কম মজুরি এবং বাজেট ঘাটতির প্রতিবাদে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া তীব্র অসন্তোষের মধ্যে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিপুল সরকারি ঋণ ও এর সুদ পরিশোধের বোঝা।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ তথ্য উদ্ধৃত করে আল-জাজিরার এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, সরকারি ঋণের পরিমাণের দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে বৈশ্বিক এ তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫তম।

আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ দশমিক ৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে, যা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১২৭ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা চীনের সরকারি ঋণ ২২ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার (জিডিপির ১০৪ শতাংশ) এবং তৃতীয় অবস্থানে থাকা জাপানের ঋণ ৮ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার (জিডিপির ১৯৯ শতাংশ)। এছাড়া শীর্ষ পাঁচে থাকা যুক্তরাজ্য ও ফ্রান্সের ঋণের পরিমাণ যথাক্রমে ৪ দশমিক ৪ ট্রিলিয়ন ও ৪ দশমিক ২ ট্রিলিয়ন ডলার। ভারত রয়েছে সপ্তম স্থানে, যার ঋণ ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার।

অন্যদিকে তালিকায় ৪৫ নম্বরে থাকা বাংলাদেশের বর্তমান সরকারি ঋণের পরিমাণ ২০৪ দশমিক ৯ বিলিয়ন ডলার। ২০১০ সালে এ ঋণের অঙ্ক ছিল ৪০ দশমিক ৯ বিলিয়ন ডলার; অর্থাৎ গত দেড় দশকে দেশে সরকারি ঋণ বেড়েছে প্রায় পাঁচ গুণ। তবে ঋণ-জিডিপি অনুপাতের দিক থেকে উন্নত বিশ্বের তুলনায় এখনও সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশটির ঋণ-জিডিপি অনুপাত ৪০ শতাংশ, যেখানে যুক্তরাষ্ট্রে তা ১২৭ শতাংশ, ফ্রান্সে ১১৮ শতাংশ এবং ইতালিতে ১৩৮ শতাংশ।

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, বিশ্বজুড়ে ঋণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকারি কোষাগার থেকে সুদ পরিশোধের ব্যয় আশঙ্কাজনক হারে বাড়ছে। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের (আইআইএফ) তথ্যমতে, সরকার, পরিবার ও বেসরকারি খাত মিলিয়ে বিশ্বে সামগ্রিক ঋণের পরিমাণ ৩৬৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা মাথাপিছু হিসাবে দাঁড়ায় প্রায় ৪৪ হাজার ডলার। গত এক বছরে উন্নত অর্থনীতির দেশগুলো কেবল সরকারি বন্ডের সুদ মেটাতেই ব্যয় করেছে ৩ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার—যা তাদের প্রতিরক্ষা কিংবা পরিচ্ছন্ন জ্বালানি খাতের বার্ষিক ব্যয়ের চেয়েও বেশি। সুদ পরিশোধের এই অতিরিক্ত চাপের কারণে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার মতো নাগরিক সুবিধায় বাজেট কাটছাঁট করতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশের সরকার, যার চূড়ান্ত প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচে।

শীর্ষ দেশ ও বাংলাদেশের সরকারি ঋণের চিত্রদেশমোট ঋণের পরিমাণজিডিপির অনুপাতবৈশ্বিক অবস্থানযুক্তরাষ্ট্র৪১.৪ ট্রিলিয়ন ডলার১২৭%১মচীন২২.৫ ট্রিলিয়ন ডলার১০৪%২য়জাপান৮.৭ ট্রিলিয়ন ডলার১৯৯%৩য়যুক্তরাজ্য৪.৪ ট্রিলিয়ন ডলার১০২%৪র্থফ্রান্স৪.২ ট্রিলিয়ন ডলার১১৮%৫মভারত৩.৪ ট্রিলিয়ন ডলার৮৩%৭মবাংলাদেশ২০৪.৯ বিলিয়ন ডলার৪০%৪৫তম

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com