শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

ঢাকার দুই সমস্যা ও প্রধানমন্ত্রীর কাছে সোহেল রানার প্রশ্ন

ঢাকার দুই সমস্যা ও প্রধানমন্ত্রীর কাছে সোহেল রানার প্রশ্ন

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

রাজধানীর যানজট নিরসনে চারটি প্রধান বাস টার্মিনাল স্থানান্তর এবং যন্ত্রণাদায়ক ব্যাটারিচালিত অটোরিকশা দ্রুত নিয়ন্ত্রণে এনে লাইসেন্সের আওতায় আনার দাবি জানিয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। একই সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বিভিন্ন জনগুরুত্বপূর্ণ নির্দেশ কেন যথাসময়ে বাস্তবায়িত হচ্ছে না, সে বিষয়ে সরকারপ্রধানের কাছেই সরাসরি জবাব চেয়েছেন বরেণ্য এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব মতামত ও সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন সোহেল রানা।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে সোহেল রানা লেখেন, “রাজনৈতিক কোনো বক্তব্য নয়, ছোট দুটো জিজ্ঞাসা। এক. ঢাকা শহরের মধ্য থেকে চারটি বাস টার্মিনাল দূরে সরিয়ে নেওয়া। দ্বিতীয়ত. ব্যাটারিচালিত রিকশা লাইসেন্সের আওতাধীন আনা। অনেক দিন হয়ে গেল আপনার নির্দেশ পালিত হচ্ছে না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতার কথা তুলে ধরে তিনি দুর্গাপূজার সফল ব্যবস্থাপনার উদাহরণ টেনে বলেন, “সরকার যে ইচ্ছে করলে পারে, তা এবার আমরা দুর্গাপূজাতে দেখেছি। কোনো স্থানে কোনো অঘটন ছাড়াই অত্যন্ত আনন্দের মধ্যে পূজা উদযাপিত হয়েছে। সেই একই আইনশৃঙ্খলা বাহিনী অন্য স্থানে দুর্বল কেন, তা বোঝা যাচ্ছে না!”

নির্দেশনা বাস্তবায়নে নজরদারির অভাবের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আপনার নির্দেশ কেন পালিত হচ্ছে না, প্রশ্নটা আপনাকে করে গেলাম। আশা করব, দ্রুত সময়ের মধ্যে অন্ততপক্ষে যন্ত্রণাদায়ক এই দুটোর দ্রুত সমাধান করে দেবার নির্দেশ দান করবেন।”

প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো বাস্তবে মাঠে কতটা কার্যকর হচ্ছে, তা তদারকি করতে একটি শক্তিশালী মনিটরিং দল গঠনের পরামর্শ দিয়ে সোহেল রানা লেখেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ পালিত হয় কিনা, তা দেখার জন্য একটি ফলোআপ কমিটি করে দিলে ভালো হয়। চার দিন আগে আপনি চেক করে আসার পরে শিশু হাসপাতালের অবস্থা কী, সেটুকু আপনাকে জানানো বোধহয় প্রয়োজন। আমাদের একটি পাওয়ারফুল ফলোআপ টিম দরকার।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ষীয়ান এই চিত্রতারকার এমন গঠনমূলক বক্তব্য প্রকাশের পরপরই তা নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং সাধারণ ব্যবহারকারীদের অনেকেই তাঁর এই সময়োপযোগী বক্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com