সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই রিমান্ড আদেশ দেন।
এর আগে দুপুর সোয়া ২টার দিকে কড়া পুলিশি পাহারায় দীপকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাত দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন।
আদালতে দাখিল করা রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, গুরুত্বপূর্ণ আলামত ও নিহতের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার এবং হত্যাকাণ্ডের মূল ঘটনাস্থল সুনির্দিষ্ট করার জন্য আসামিকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা জরুরি। জামিনে মুক্তি পেলে আসামি আত্মগোপন করে মামলার বিচারিক প্রক্রিয়া ও আলামত নষ্ট করতে পারেন বলেও উল্লেখ করে পুলিশ।
রিমান্ড আবেদনে পুলিশ আরও জানায়, তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ ও নিজস্ব সূত্রের মাধ্যমে জানা গেছে—ঘটনার দিন রাতে দীপই তাহসিফকে বাসা থেকে ডেকে নিয়ে যান এবং উত্তরখান থানাধীন মাজার বস্তি সংলগ্ন তুরাগ নদ এলাকায় অবস্থান করেন। জিজ্ঞাসাবাদে দীপ নিজেকে তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ এবং তাহসিফকে নিজের সিনিয়র বড় ভাই হিসেবে পরিচয় দিয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে এই হত্যাকাণ্ডের সঙ্গে দীপের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে।
এর আগে গত ২৯ অক্টোবর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে দীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরবর্তীতে শুক্রবার রাতে উত্তরখান থানায় নিহতের বাবার মামলার পর তাঁকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে গ্রেপ্তার দেখানো হয়।
উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের ভিডিও ধারণকারী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ। গত ২৮ অক্টোবর বিকেলে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ। লাশ উদ্ধারের তিন দিন পর তাহসিফের পিতা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় একটি পরিকল্পিত হত্যা মামলা দায়ের করেন, যা বর্তমানে তদন্ত করছে নৌ-পুলিশ।