সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির

শত্রুপক্ষের যেকোনো হুমকির বিপরীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নির্দেশ খামেনির

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য সামরিক হুমকি বা আগ্রাসনের বিপরীতে ‘ভৌগোলিক সীমাবদ্ধতাহীন, তাৎক্ষণিক ও কার্যকর’ কঠোর প্রতিক্রিয়া দেখানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। শনিবার (৩১ অক্টোবর) দেশটির সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কমান্ডারদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ কঠোর বার্তা দেন বলে জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা ।

কমান্ডারদের উদ্দেশে দেওয়া বক্তব্যে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, শত্রুর যেকোনো দুঃসাহস প্রতিহত করতে ‘বুদ্ধিদীপ্ত ও সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি’ নিশ্চিত করাই হলো দেশের প্রতিরক্ষায় কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার মূল শর্ত।

শত্রুপক্ষকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, যদি শত্রুরা আবারও ইসলামি প্রজাতন্ত্রের ওপর কোনো সামরিক আগ্রাসন বা সন্ত্রাসী হামলা চালানোর অপচেষ্টা করে, তবে সেই সংঘাতের সমাপ্তি কখন এবং কীভাবে ঘটবে—তা কেবল ইরানের সশস্ত্র বাহিনী ও ইরানি জাতিই নির্ধারণ করবে।

বৈঠকে ইরানের সামরিক তথ্য ও গোয়েন্দা পরিকাঠামো বহুগুণে শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন সর্বোচ্চ নেতা। একই সঙ্গে জাতীয় প্রতিরক্ষা ‘ডকট্রিন’ (মতবাদ) ও রণকৌশলগত সক্ষমতাকে আরও যুগোপযোগী ও সুদৃঢ় করার নির্দেশ দেন তিনি। আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সক্ষমতাকে সর্বোচ্চ চূড়ায় উন্নীত করার বিষয়েও সামরিক কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন মোজতবা খামেনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com