সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংসদে আজ তিনটি বিল উত্থাপন ও পাসের প্রস্তাব

সংসদে আজ তিনটি বিল উত্থাপন ও পাসের প্রস্তাব

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠক বসছে আজ সোমবার (১৬ নভেম্বর)। বিকেল ৪টা ১৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হবে। গত ১০ নভেম্বর শুরু হওয়া এই অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে প্রকাশিত আজকের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা, তিনটি বিল উত্থাপন ও পাসের প্রস্তাব, অর্ধ-ঘণ্টা আলোচনা এবং একটি সাধারণ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

বৈঠকের শুরুতে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ-সংশ্লিষ্ট প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে।

এরপর কার্যপ্রণালি-বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের নোটিশ নিষ্পত্তি ও আলোচনা হবে। এ পর্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও লোকবল সংকটের বিষয়টি উত্থাপন করবেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় ন্যায্য আন্তর্জাতিক অর্থায়ন ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পুনর্বাসনের বিষয়ে আলোচনা করবেন সংরক্ষিত নারী আসন-৫-এর সদস্য নেওয়াজ হালিমা আরলী। এ ছাড়া এলডিসি থেকে উত্তরণের পর দেশের ওষুধ ও চিকিৎসাশিল্পে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন সংরক্ষিত নারী আসন-৪৯-এর সদস্য সুলতানা জেসমিন।

অধিবেশনের আইন প্রণয়ন কার্যাবলিতে আজ তিনটি বিল রয়েছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জারিয়া তাহেরের পক্ষ থেকে ‘বগুড়া উন্নয়ন বিল, ২০২৬’ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন ও পাসের প্রস্তাব করা হবে। অন্যদিকে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংযোজন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপনের অনুমতি চাইবেন; অনুমতি সাপেক্ষে বিলটি উত্থাপন করা হবে।

এ ছাড়া কার্যপ্রণালি-বিধির ৬০ অনুযায়ী অর্ধ-ঘণ্টা আলোচনায় গত ১০ নভেম্বর উত্থাপিত একটি প্রশ্নের উত্তরকে কেন্দ্র করে বক্তব্য দেবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল চৌধুরী। পাশাপাশি কার্যপ্রণালি-বিধির ১৪৭ অনুযায়ী একটি সাধারণ প্রস্তাব উত্থাপন করবেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com