রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১,৪১৪

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ১,৪১৪

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন ৬ জন। একই সময়ে সারা দেশে নতুন করে হাম উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪১৪ জনের শরীরে।

আজ রবিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগীদের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৫৮ জন। এ সময়ে উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন রোগী। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৯ জন।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত এক দিনে হাম উপসর্গে মৃতদের মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি—৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ (১৫ নভেম্বর) পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬০ জনে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ হাজার ২৬৯ জন।

চলতি বছরে এ পর্যন্ত মোট ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা নিয়ে ২ লাখ ১২ হাজার ৪০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে হাম উপসর্গে মোট সন্দেহজনক মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯ জনে, যার মধ্যে নিশ্চিতভাবে হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com