রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

আজ বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

আজ বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয়

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

সাপ্তাহিক ছুটির পর আজ রবিবার (১৫ নভেম্বর) আবারও শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল ৪টা ১৫ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)-এর সভাপতিত্বে অধিবেশনের বৈঠক শুরু হবে। গত ১০ নভেম্বর শুরু হওয়া চলতি অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে প্রকাশিত আজকের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে দেশের তৈরি পোশাকশিল্পের উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম রোধ এবং ভূমিসেবা সহজীকরণসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এদিন প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশ অন্তর্ভুক্ত করা হয়েছে।

কার্যসূচি অনুযায়ী, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনা চেয়েছেন। মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ে আলোচনার নোটিশ দিয়েছেন। এ ছাড়া মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমাতে ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

অধিবেশনের কার্যসূচিতে কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টি রাখা হয়েছে। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন এবং গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিল সংসদে উপস্থাপনের কথা রয়েছে।

অন্যদিকে, কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে একটি সাধারণ প্রস্তাব উত্থাপনের জন্য কার্যসূচিতে রাখা হয়েছে। পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান এ প্রস্তাবটি উত্থাপন করবেন, যেখানে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এই খাতের উন্নয়ন ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com