রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় তারেক রহমান

প্রভাবশালী মুসলিম নেতাদের তালিকায় তারেক রহমান

নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এ জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) সম্প্রতি এই তালিকা প্রকাশ করেছে বলে ‘দ্য মুসলিম ৫০০’ সূত্রে জানা গেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘দ্য মুসলিম ৫০০’-এর রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উল্লেখ করা হয়েছে, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার রক্ষা ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিতভাবেই এই তালিকায় স্থান পেয়ে আসছেন।

রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের (আরআইএসএসসি) তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই বার্ষিক তালিকা প্রস্তুত করা হয়।

তালিকা প্রণয়নের নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র‍্যাঙ্কিং করা হয়। বাকি ৪৫০ জনকে কোনো ক্রমানুসারে র‍্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। প্রকাশনাটির তথ্য অনুযায়ী, এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com