রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন আরও ৭০ জন বাংলাদেশি কর্মী। দেশটির স্বনামধন্য প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের অংশ হিসেবে নতুন করে তাঁদের মনোনীত করেছে রাষ্ট্রীয় জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে অনলাইন লটারির মাধ্যমে নতুন করে মনোনীত এই ৭০ জনের তালিকা চূড়ান্ত করা হয়। নির্বাচিত প্রার্থীদের সাক্ষাৎকার আজ রবিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হচ্ছে। বোয়েসেল সূত্রে জানা গেছে, ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিপরীতে অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। এসব আবেদন থেকে সফটওয়্যারের মাধ্যমে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছিল। তবে প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে অনেকেই নির্ধারিত সময়ে সাক্ষাৎকারে অংশ না নেওয়ায় শূন্য পদ পূরণের লক্ষ্যে দ্বিতীয় দফায় লটারির মাধ্যমে নতুন করে আরও ৭০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। বোয়েসেল কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অনলাইন সফটওয়্যারের মাধ্যমে লটারি পরিচালনা করা হচ্ছে। সাক্ষাৎকার ও পেশাগত দক্ষতা যাচাই শেষে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে কর্মীদের কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ দিতে হবে না; সরকার নির্ধারিত সব খরচ মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠানই বহন করবে। উল্লেখ্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার বাংলাদেশি কর্মী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগের ফলে সাধারণ কর্মীদের বিদেশ যাওয়ার বিশাল আর্থিক চাপ দূর হওয়ার পাশাপাশি নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।