রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নভেম্বরের মাঝামাঝি সময়ে ভোরবেলা ও গভীর রাতের হালকা হিমেল হাওয়ায় রাজধানীতে শুরু হয়েছে শীতের পোশাকের বেচাকেনা। বিকেল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে জমজমাট হয়ে উঠছে নিউমার্কেটের ফুটপাত থেকে শুরু করে সুপার মার্কেট এলাকা। তবে আবহাওয়া এখনো পুরোপুরি জেঁকে না বসায় বড়দের পোশাকের বিক্রি খুব একটা না জমলেও শিশুদের গরম পোশাকের দোকানে এখন থেকেই ক্রেতাদের বেশ ভিড় দেখা যাচ্ছে।
সরেজমিনে রাজধানীর নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটগুলোতে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। অনেক দোকানদার শীতের নতুন কালেকশন সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে আছেন। তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র নিউমার্কেটের খোলা দোকান ও ফুটপাতে। সোয়েটার, জ্যাকেট, হুডি, মাফলার, কানটুপি, মোজা, কম্বল ও চাদরের রঙিন পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। দরদামের হাঁকডাকে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
বিক্রেতারা জানান, হালকা ঠাণ্ডা বাতাসে শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ভোরে স্কুলে যাওয়া কিংবা সকালে খেলতে বের হওয়ার বিষয়টি মাথায় রেখে অভিভাবকরা আগেভাগেই শিশুদের জন্য গরম কাপড় সংগ্রহ করছেন। নিউমার্কেটের ফুটপাতের বিক্রেতা আকবর হোসেন বলেন, শীত এখনো পুরোপুরি পড়েনি, তাই বড়দের কেনাকাটা সেভাবে শুরু হয়নি। তবে বাচ্চাদের জন্য মানুষ আগেভাগেই কিনতে আসছেন।
ফুটপাতে সন্তানের জন্য পোশাক কিনতে আসা জুলেখা বেগম বলেন, শীত পুরোপুরি না পড়লেও বাচ্চারা সকালে স্কুলে যাওয়ার সময় বেশ ঠাণ্ডা লাগে। তাই আগেভাগেই হালকা সোয়েটার কিনতে এসেছি।” বিক্রেতারা জানান, শিশুরা দ্রুত বেড়ে ওঠায় এবং ঘন ঘন ধোয়ার প্রয়োজনে অভিভাবকরা সাধারণত একসঙ্গে দুই-তিনটি করে সোয়েটার, কানটুপি ও মোজা কিনছেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা মার্কেটের চড়া দাম এড়িয়ে ফুটপাতের দোকানগুলোর ওপরই বেশি নির্ভর করছেন। নিউমার্কেট মসজিদের সামনে এক বছর বয়সী সন্তানের জন্য সোয়েটার কিনতে আসা জসিম সরকার জানান, মার্কেটের তুলনায় ফুটপাতে দাম অনেক কম, দরদাম করার সুযোগও থাকে এবং মানও মোটামুটি ভালো।
নিউমার্কেটের অভ্যন্তরীণ দোকানের ব্যবসায়ী আরিফ হোসেন জানান, দোকানে শীতের পোশাক তোলার প্রস্তুতি প্রায় শেষ। তাপমাত্রা যত কমবে, বিক্রি তত বাড়বে। আগামী দুই-তিন সপ্তাহের মধ্যে শীত জেঁকে বসলে এবং ডিসেম্বরের শুরু থেকে নিউমার্কেট, গাউছিয়া ও বঙ্গবাজারসহ ফুটপাতগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় নামবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।