রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গাজীপুরের কালিয়াকৈর ও কোনাবাড়ী শিল্পাঞ্চলে অস্থিরতা কাটছে না। কয়েক দিনের বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনার পর আজ রবিবার (১৫ নভেম্বর) নতুন করে অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সাতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মস্থলে ফিরে কাজে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা হাজারো শ্রমিক এতে চরম অনিশ্চয়তা ও জীবিকার সংকটে পড়েছেন।
রবিবার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ ও কোনাবাড়ী শিল্পাঞ্চল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই কাজে যোগ দেওয়ার উদ্দেশ্যে কারখানাগুলোর সামনে জড়ো হতে থাকেন শ্রমিকরা। কিন্তু মূল ফটকে ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলতে দেখে অনেকেই হতাশ হয়ে ফিরে যান। আবার অনেকে দীর্ঘসময় ফটকের সামনে অপেক্ষা করেও কাজ শুরু হওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা পাননি।
সরেজমিনে দেখা গেছে, কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার এপেক্স ফুটওয়্যার, এপেক্স হোল্ডিং, ইকোটেক্স, ডিভাইন এবং সফিপুর ও রতনপুর এলাকার করণীসহ মোট সাতটি কারখানার ফটকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণার নোটিশ টানানো হয়েছে।
এপেক্স হোল্ডিংয়ের শ্রমিক নাজমা, সুলতানা খাতুন, তুহিন শেখ ও আরিফ আক্ষেপ করে জানান, বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনের পর সরকার বেতন বাড়ানোর ঘোষণা দেওয়ায় এখন তাঁরা কাজে ফিরতে চান। তাঁরা বলেন, “প্রতিদিন কাজের আশায় কারখানায় আসি। কিন্তু প্রতিদিনই এসে দেখি ছুটি বা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ। আমরা কাজ করতে চাই। কারখানা চালু না থাকলে আমাদের সংসার চলবে কীভাবে?”
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “প্রতিদিনই অনাকাঙ্ক্ষিতভাবে শ্রমিক আন্দোলন, কারখানায় হামলা ও ভাঙচুরের মতো বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে অনেক কারখানা কর্তৃপক্ষ সকালে ছুটি ঘোষণা করেছে। তবে রবিবার সকাল থেকে এখন পর্যন্ত কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ বা আন্দোলনের খবর পাওয়া যায়নি।” কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, সে সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ এখনো শিল্প পুলিশের হাতে পৌঁছায়নি বলেও জানান তিনি।
একদিকে কাজে ফিরতে মরিয়া শ্রমিকরা, অন্যদিকে নিরাপত্তা ও উৎপাদন পরিবেশ নিয়ে শঙ্কিত মালিকপক্ষ—দুই পক্ষের এমন টানাপোড়েনে গাজীপুরের পোশাকশিল্পে স্বাভাবিক পরিবেশ ফেরার অপেক্ষা ক্রমেই দীর্ঘ হচ্ছে।