সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন এক গৌরবময় মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট শতকের একক মালিক হয়েছেন তিনি। এ পথে তিনি পেছনে ফেলেছেন সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিমকে।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের শর্ট বল দারুণভাবে পুল করে সীমানার বাইরে পাঠিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান লিটন। ১৭৯ বল মোকাবিলা করে ১৪টি চার ও একটি ছক্কার সাহায্যে ১২০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি এবং উইকেটকিপার-ব্যাটার হিসেবে সপ্তম শতক।
এর আগে উইকেটকিপার-ব্যাটার হিসেবে বাংলাদেশের হয়ে ছয়টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। জোহানেসবার্গে শতক হাঁকিয়ে সেই অবস্থান থেকে এককভাবে চূড়ায় উঠে এসেছেন লিটন। উল্লেখযোগ্য বিষয় হলো, মুশফিকের চেয়ে ছয়টি ম্যাচ কম খেলেই এই রেকর্ড গড়েছেন তিনি। উইকেটকিপার হিসেবে ৫৫ টেস্টে মুশফিকের সেঞ্চুরি ছয়টি, বিপরীতে মাত্র ৪৯ টেস্টেই সাতটি শতক পূর্ণ করেছেন লিটন।
সেঞ্চুরির পাশাপাশি রানের হিসাবেও মুশফিকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন লিটন। উইকেটকিপার-ব্যাটার হিসেবে মুশফিকের সংগ্রহ ৩ হাজার ৫১৫ রান, আর লিটনের রান দাঁড়িয়েছে ৩ হাজার ১১৭-তে। ফলে রানের তালিকায়ও সাবেক অধিনায়ককে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটেও লিটনের এই অর্জন বেশ তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালে টেস্ট অভিষেকের পর উইকেটকিপার হিসেবে সাতটি সেঞ্চুরি করেছেন তিনি। এই সময়ে উইকেটকিপার-ব্যাটার হিসেবে তাঁর চেয়ে বেশি শতক রয়েছে কেবল ভারতের ঋষভ পান্তের (৮টি)। এ ছাড়া সাতটি করে সেঞ্চুরি নিয়ে এবি ডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, ম্যাট প্রিয়র ও বিজে ওয়াটলিংয়ের মতো কিংবদন্তিদের পাশে জায়গা করে নিয়েছেন লিটন। টেস্ট ইতিহাসে উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বোচ্চ ১৭টি সেঞ্চুরির রেকর্ড অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্টের এবং ১২টি নিয়ে দ্বিতীয় স্থানে আছেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার।