সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সমন্বয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, “আমরা চাচ্ছি জনজীবন স্বাভাবিক করতে। জননিরাপত্তার জন্য যা যা করা দরকার পুলিশ তা করবে। তবে নিরপরাধ কাউকে গ্রেপ্তার করা হবে না।”
আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রেস ব্রিফিংয়ে ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান জানান, আজ সকাল থেকেই জেলায় পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে কাজ করছেন। শুধুমাত্র পুলিশের পক্ষ থেকেই প্রায় দুই হাজার ফোর্স ও কর্মকর্তা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপারসহ মধ্যম সারির জ্যেষ্ঠ কর্মকর্তারা মাঠে থেকে সার্বিক নিরাপত্তা তদারকি করছেন।
জেলার নিরাপত্তা ব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি বলেন, “গোপালগঞ্জের ৬৭ কিলোমিটার মহাসড়কে ক্রস পেট্রোলসহ নিরাপত্তা জোরদার রয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ পৌরসভা ও জেলার চারটি উপজেলায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে পুলিশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”
গতকাল রবিবারের সহিংসতার ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে জানিয়ে ডিআইজি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা সবাই ঘটনার সঙ্গে জড়িত; কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি বা গ্রেপ্তার করা হবে না।
আগামী ১৯ নভেম্বর সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, “যেকোনো কর্মসূচি ঘিরে পুলিশ পরিস্থিতি ও ঝুঁকি (থ্রেট) পর্যালোচনা করে পর্যাপ্ত সংখ্যক অফিসার ও ফোর্স মোতায়েন করবে এবং বিজিবিও মাঠে থাকবে। আইনবহির্ভূত যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখবে।”
উল্লেখ্য, এর আগে গতকাল রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।