সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে রোগী পাঠিয়ে চিকিৎসকদের কমিশন বাণিজ্য, সরকারি হাসপাতালে শয্যা বরাদ্দ ও অস্ত্রোপচারের তারিখের জন্য ঘুষ আদায় এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শত শত কোটি টাকার অনিয়ম—বাংলাদেশের স্বাস্থ্য খাতের এমন বিস্তৃত দুর্নীতির চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য খাতের এই দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ব্যক্তির অসদাচরণ নয়; বরং দুর্বল সুশাসন, জবাবদিহির অভাব এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার ফল।
গতকাল রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে ‘দুর্নীতির মোকাবিলা: বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর বিনিময়ে চিকিৎসকেরা ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পেয়ে থাকেন। গবেষকদের হিসাব বলছে, শুধু বড় ডায়াগনস্টিক প্রতিষ্ঠানগুলোতেই এ খাতে বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা লেনদেন হতে পারে। এর ফলে রোগীদের চিকিৎসার ব্যয় বাড়ার পাশাপাশি অপ্রয়োজনীয় পরীক্ষা করানোর ঝুঁকি তৈরি হচ্ছে।
সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় চরম অনিয়ম ও অপচয়ের চিত্র তুলে ধরে প্রতিবেদনে জানানো হয়, কেন্দ্রীয় ওষুধাগারে (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি হয়েছে এবং কিছু সরঞ্জাম ন্যায্যমূল্যের সর্বোচ্চ ১৮ গুণ বেশি দামে সরবরাহ করা হয়েছে। এ ছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি কেনার পরও কোনো ব্যবহার ছাড়াই পড়ে রয়েছে। ই-টেন্ডার ব্যবস্থা চালু হলেও দরপত্রের তথ্য ফাঁস করে নির্দিষ্ট প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।
স্বাস্থ্যসেবার করুণ চিত্র তুলে ধরে প্রতিবেদনে আরও বলা হয়, আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি; প্রত্যন্ত এলাকার কিছু স্বাস্থ্যকেন্দ্রে এই অনুপস্থিতির হার ৭০ শতাংশ ছাড়িয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতালে শয্যা বরাদ্দ, অস্ত্রোপচারের তারিখ ও ছাড়পত্র পেতে অবৈধ অর্থ আদায় এবং দালালদের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা চরম ভোগান্তিতে পড়ছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ১ লাখ ৮০ হাজারের বেশি জনবলের নিয়োগ, বদলি ও পদোন্নতিতেও রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি বড় ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দুর্নীতি শুধু আর্থিক অনিয়ম বা টেন্ডারবাজিতে সীমাবদ্ধ নয়। নীতি প্রণয়নের সময় বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে নীতিকে প্রভাবিত করাও দুর্নীতি। তাই শুধু অপরাধী শনাক্ত করে শাস্তি দিলে সমস্যার সমাধান হবে না।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, স্বাস্থ্য খাতে টেকসই অগ্রগতির জন্য অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি শক্তিশালী প্রতিষ্ঠান ও সুশাসন প্রয়োজন। অনুষ্ঠানে নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভীন হক ই-টেন্ডারের তথ্য ফাঁস এবং টিকা কেনার ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থার ওপর দীর্ঘমেয়াদি নির্ভরশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।