সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার মদনে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রলির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ চারজন আহত হয়।
নিহত মো: হাফিজুর রহমান (৫৫) কেন্দুয়া উপজেলার চিথোলিয়া গ্রামের মৃত খোদে নেওয়াজের ছেলে।
আহতরা হলেন, অটোরিকশা চালক তামিম হোসেন(৩০), যাত্রী রহিমা আক্তার (৫০), লাকি আক্তার (৩০) ও মিনতী (১৩)।
শনিবার বেলা সোয়া ১টার দিকে মদন-কেন্দুয়া সড়কের বৈশ্যবাড়ি এলাকায় এই দুর্ঘটনা হয়।
আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান।
স্থানীয়দের বরাতে ওসি জানান, দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কেন্দুয়া থেকে মদনে যাচ্ছিল। অপরদিকে মদন থেকে মালামাল বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি মদন থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে বৈশ্যবাড়ি নামক স্থানে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী হাফিজুর রহমান মারা যান।
স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে আহত তামিম, রহিমা আক্তার ও লাকি আক্তারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরো জানান, নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।