শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

নেত্রকোণায় সেনা-পুলিশ অভিযানে পৌনে তিনশ’ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণায় সেনা-পুলিশ অভিযানে পৌনে তিনশ’ বস্তা ভারতীয় চিনি জব্দ

 নিজস্ব প্রতিবেদক :  নেত্রকোণার কলমাকান্দায় সেনা ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে সীমান্ত দিয়ে চোরাচালান হয়ে আসা পৌনে তিনশ’ বস্তা নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।
সোমবার মধ্যরাতে উপজেলা সদরের এতিমখানা রোড এলাকায় অভিযান চালিয়ে এই চিনি জব্দ করার সময় চোরাকারবারির কাউকে আটক করতে পারেনি।
স্থানীয়রা জানান, উপজেলার গারো পাহাড় অঞ্চলের ভারতীয় বিভিন্ন সীমান্ত দিয়ে এক শ্রেণির চোরাকারবারি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদক, মসলা, চিনি ও নানা ধরনের প্রসাধনী সামগ্রী আমদানি করে আসছে। মাঝে মাঝে বিজিবি,পুলিশ অভিযান চালিয়ে চোরাচালানের পন্য জব্দ করলেও তা বন্ধ হচ্ছেনা। জেলার দুর্গাপুর উপজেলাতেও ভারতীয় সীমান্তপথে চোরাচালান হয়ে একই ধরণের পন্য দেশে ঢুকছে।
এ অবস্থায় সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল ও থানা পুলিশের দল নিয়ে এক যৌথ অভিযান পরিচালনা করেন, কলমাকান্দা অস্থায়ী সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ।
মঙ্গলবার সকালে কলমাকান্দার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আসিফ প্রামানিক নুহাশ জানান, এই অভিযানে চোরাকারবারি রফিকের গুদামঘরে থাকা ২৭৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা।
তদন্তের পর চোরাকারবারির নাম উল্লেখসহ কলমাকান্দা থানায় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে ।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com