রবিবার, ২১ Jun ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
সরকারকে ব্যর্থ করে দিতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার জন্য দেশ ও বিদেশে শাসন ও প্রশাসনে সক্রিয় রয়েছে পলাতক স্বৈরাচারের দোসররা।”
আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকেল পৌনে ৪টায় এই শোভাযাত্রা শুরু হয়, যা কাকরাইল মোড়, মৎস্য ভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, এবং ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হওয়ার কথা রয়েছে।
তারেক রহমান আরও বলেন, এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। তবে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি যোগ করেন, “বাংলাদেশে যাতে আর কখনোই ফ্যাসিবাদ বা স্বৈরাচার ফিরে না আসে, এজন্য প্রতিটি নাগরিকের সরাসরি ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের সক্ষমতা অর্জন করা জরুরি।”
তিনি বলেন, “রাজধানীর রাজপথে লাখো জনতার এই মিছিল বৈষম্যবিরোধী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংকল্পের প্রতীক। এ মিছিল কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়; এটি বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল, ভোটের অধিকার প্রতিষ্ঠার মিছিল।”
শোভাযাত্রার পূর্বে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। এসময় দলের স্থায়ী কমিটির সদস্যরাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।