রবিবার, ২১ Jun ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

সোহেল তাজের শর্ত: আওয়ামী লীগের নেতৃত্বে আসতে হলে দলকে হতে হবে স্বচ্ছ

সোহেল তাজের শর্ত: আওয়ামী লীগের নেতৃত্বে আসতে হলে দলকে হতে হবে স্বচ্ছ

অনলাইন ডেস্ক, নেত্রকোণারে আলো ডটকম:

আওয়ামী লীগের নেতৃত্ব নেওয়ার বিষয়ে শর্ত রেখেছেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পুত্র তানজীম আহমেদ সোহেল তাজ। তিনি বলেছেন, “যারা হত্যা, গুম, খুনের সঙ্গে জড়িত, তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। আওয়ামী লীগ যখন স্বচ্ছ হবে, তখনই নেতৃত্বে আসার ব্যাপারে বিবেচনা করব।”

শনিবার বিকেলে বাংলা একাডেমির সাহিত্য বিশারদ আব্দুল করিম মিলনায়তনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ শর্ত দেন সোহেল তাজ। ঐতিহ্য প্রকাশনীর আয়োজনে কথাসাহিত্যিক অধ্যাপক আহমাদ মোস্তফা কামালের সঞ্চালনায় ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ: কন্যার চোখে, পুত্রের চোখে’ শীর্ষক এ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, “নির্দিষ্ট কিছু দায় আওয়ামী লীগ মেনে না নিলে এ দলের নেতৃত্বে আসার প্রশ্নই ওঠে না। দল হিসেবে আওয়ামী লীগকে আত্মসমালোচনা ও আত্মোপলব্ধি করতে হবে এবং যারা সংগঠনটিকে ধ্বংসের পথে নিয়েছে, তাদের জবাবদিহি করতে হবে।”

সোহেল তাজ আরও বলেন, “ক্ষমতার প্রতি আমার মোহ নেই, আমাদের পরিবার সবসময় গণমানুষের সেবায় বিশ্বাসী। আমার বাবার বিশেষ গুণ ছিল ভালো কিছু শেখা, প্রয়োজনে শত্রুর কাছ থেকেও। তিনি বিচক্ষণ নেতা ছিলেন এবং মানুষের সঙ্গে যোগাযোগের দূরদর্শিতা ছিল তার মধ্যে।”

তিনি আরও জানান, তার বাবা তাজউদ্দীন আহমেদ আওয়ামী লীগের বিভিন্ন কাউন্সিল মিটিংয়ে দলীয় দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনার বিরুদ্ধে বারবার প্রতিবাদ করেছেন। তাজউদ্দীন আহমদকে একবার প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি আন্ডারগ্রাউন্ডে যাননি, তখন তিনি বলেছিলেন, “আমি পাকিস্তানকে বাঁচানোর জন্যই আন্ডারগ্রাউন্ডে যাইনি।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com