রবিবার, ২১ Jun ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে পাল্টাপাল্টি অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ (রোববার) সকাল থেকে কিছু শিক্ষার্থী জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নেন। তাদের মুখে ছিল ফ্যাসিবাদবিরোধী স্লোগান।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১১টা থেকে জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছেন। তারা স্লোগান দিতে থাকেন— “আমার সোনার বাংলায়, ফ্যাসিবাদের ঠাঁই নাই; একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর; দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত; উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস” ইত্যাদি।
শিক্ষার্থী নাইমুর বলেন, “যে দল ও সরকার দেশে ফ্যাসিবাদকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল, আমার ভাইবোনদের হত্যা করেছিল, তাদের ক্ষেত্রে কোনো ছাড় নেই। আমরা কোনো লীগ চাই না, সেজন্যই আজ আমাদের এ অবস্থান কর্মসূচি।”
এদিকে সকাল থেকেই জিরো পয়েন্টসহ আশপাশের সড়কের পরিস্থিতি ছিল স্বাভাবিক। যানবাহন চলাচলসহ সাধারণ মানুষও চলাচল করছিলেন। তবে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। কয়েকজন নেতাকর্মী উপস্থিত হলেও, তাদের ধরিয়ে দিয়েছে সাধারণ জনগণ।
সমাবেশ ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। সচিবালয় রোডের সামনে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এছাড়া, পুলিশের একটি সাঁজোয়া যানও রাখা হয়েছিল।
এ বিষয়ে ডিএমপির এক পুলিশ সদস্য জানান, “আমরা কয়েক প্লাটুন পুলিশ সদস্য নিরাপত্তায় কাজ করছি। জিরো পয়েন্টের প্রত্যেকটা মোড়ে আমাদের সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান করছেন। সিভিল ড্রেসে সব বাহিনীর লোকবলও রয়েছে। আজকের কর্মসূচি উপলক্ষ্যে আমরা সকাল থেকে রাত পর্যন্ত অবস্থান করব।”
এর আগে, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় এবং রোববার বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের সমবেত হওয়ার নির্দেশনা দেয়। পাল্টা কর্মসূচি হিসেবে, স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে একই স্থানে গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।