রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বলিউডের তারকা দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের সংসারে গত কয়েক মাস ধরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্কের তিক্ততা নিয়ে নানা আলোচনা চলছে। এই পরিস্থিতিতে, ঐশ্বরিয়া কিছুদিন ধরে তার শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে অবস্থান করছেন।
অভিষেকের সঙ্গে অভিনেত্রী নিমরত কৌরের নামও সামনে এসেছে, তবে বিষয়টি নিয়ে কেউ সরাসরি কথা বলেনি। এই গুঞ্জন এবং সমালোচনার মধ্যে, অমিতাভ বচ্চন তার ব্লগে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন। তিনি লেখেন, “এক জীবনে নিজেকে অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপন করতে অপরিসীম বিশ্বাস, সাহস ও সততা প্রয়োজন। পরিবার নিয়ে আমি খুবই কম কথা বলি। কারণ এটি আমার রাজ্য এবং এর গোপনীয়তা বজায় রাখতে চাই। গুজব আর গুজব… যাচাইবাছাই ছাড়া এসব গুজব মিথ্যা।”
অমিতাভ আরও বলেন, “কোনো কিছু লেখার আগে যাচাই করে নেওয়া উচিত। অনেকে খবর নিয়ে যাচাই করেই লিখতে চান। তবে তারা স্বেচ্ছায় যে পেশা বেছে নিয়েছেন, সেটাকে কখনো চ্যালেঞ্জ করব না। বরং সমাজের জন্য করা কাজের প্রশংসাই করব। কিন্তু মিথ্যা অথবা কোনো ঘটনাকে ‘প্রশ্ন’ চিহ্ন দিয়ে লিখলে তা হয়তো আইনত সমস্যা হবে না। তবে যে সন্দেহের বীজ মানুষের মনে বপন করে দেবেন, সেখানেই আসল প্রশ্ন থেকে যায়।”
তিনি বলেন, “আপনি যা পছন্দ করেন তা লিখুন। কিন্তু আপনি এটিকে ‘প্রশ্ন’ চিহ্ন দিয়ে রাখছেন। আপনি বলছেন এটি প্রশ্নবিদ্ধ হতে পারে। কিন্তু পাঠক এটিকে খুব নীরবে বিশ্বাস করছেন।”
অমিতাভ ক্ষোভ প্রকাশ করে বলেন, “অসত্য বা সন্দেহজনক মিথ্যা এবং প্রশ্ন চিহ্ন দিয়ে করা খবরে গোটা দুনিয়া ভরে যাক। এটি ওই ব্যক্তিকে কতটা প্রভাবিত করতে পারে অথবা পরিস্থিতি যাইহোক আপনি হাত ধুয়ে নিয়েছেন। তাতে আপনাদের কী!”
অভিষেক ও ঐশ্বরিয়া ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন এবং ২০১১ সালের ১৬ নভেম্বর তাদের প্রথম সন্তান, কন্যা আরাধ্য জন্মগ্রহণ করেন।