বলিউড সুপারস্টার শাহরুখ খানকে খুনের হুমকি দেওয়া আইনজীবী ফয়জান খানকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ফয়জান খান অনলাইনে শাহরুখ এবং তার পরিবারের তথ্য সংগ্রহ করে, তার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করে হুমকি দিয়েছেন এবং ৫০ লাখ টাকা দাবি করেন।
পুলিশের জেরায় জানা গেছে যে, ফয়জান খান শাহরুখের সুরক্ষা ও পরিবার সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য অনলাইনে তৎপর ছিলেন। বান্দ্রা পুলিশ তার দ্বিতীয় মোবাইল ফোন বাজেয়াপ্ত করে, যেখানে এসব তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত আইনজীবী এই বিষয়ে অস্পষ্ট এবং ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন।
ফয়জান ৩০ অক্টোবর একটি নতুন ফোন কিনে পরদিন শাহরুখ খানকে হুমকি দেন। তিনি পুলিশের ল্যান্ডলাইন নম্বরও একটি অ্যাপের মাধ্যমে সংগ্রহ করেছিলেন। যদিও ফয়জান দাবি করেছেন, তার ফোন কিছু দিন আগে চুরি হয়েছে এবং এই হুমকি তার দ্বারা দেওয়া হয়নি। তবে মুম্বাই পুলিশ তার বয়ান সত্য বলে মনে করেনি।
এদিকে, ফয়জান খান আইনজীবী হিসেবে বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত, যারা সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আসছে এবং সম্প্রতি রাজনীতিবিদ সিদ্দিকিকে হত্যার ঘটনা ঘটিয়েছে। সালমান খানও এই গ্যাংয়ের হুমকির মুখে রয়েছেন এবং তাকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে।