রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
গত সপ্তাহে ধূসর রঙের স্কচটেপ দিয়ে সাঁটা একটি কলাকে ‘শিল্পকর্ম’ হিসেবে নিলামে বিক্রি করা হয় ৬.২ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা। অবাক করা বিষয় হলো, নিউইয়র্কের ম্যানহাটনের এক বাংলাদেশি ফল ব্যবসায়ী শাহ আলমের কাছ থেকে মাত্র ৪২ টাকায় এই কলাটি কেনা হয়েছিল।
পরে এই কলাটি দেওয়ালে স্কচটেপ দিয়ে আটকে দিয়ে ‘শিল্পকর্মের’ মর্যাদা দেওয়া হয়। চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান এটি কিনে নেন। এতে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, যে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে কলাটি কেনা হয়েছিল, তিনি নিউইয়র্কে ২০০৭ সাল থেকে বসবাসরত শাহ আলম। নিলামে কলাটি বিক্রি হওয়ার খবর শুনে তিনি একদিকে কেঁদে ফেলেন, অন্যদিকে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি গরিব মানুষ। এত বড় অংকের অর্থ আমার কল্পনারও বাইরে।”
এই ঘটনায় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন জাস্টিন সান। তিনি ঘোষণা দিয়েছেন, শাহ আলমের দোকান থেকে ১ লাখ কলা কিনবেন এবং সেগুলো বিনামূল্যে বিতরণ করবেন। এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, “শাহ আলমের প্রতি কৃতজ্ঞতা জানাতে আমি তার দোকান থেকে ১ লাখ কলা কিনবো এবং বিশ্বজুড়ে বিনামূল্যে বিতরণ করবো। কলা পেতে বৈধ আইডি কার্ড দেখাতে হবে।”
এছাড়া, শাহ আলমের সাহায্যের জন্য একটি গোফান্ড মি অ্যাকাউন্ট খোলা হয়েছে। ইতোমধ্যে সেখানে বাংলাদেশি টাকায় প্রায় ২০ লাখ টাকা জমা পড়েছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস