রবিবার, ২১ Jun ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কেন্দ্রীয় ব্যাংক ক্রেডিট কার্ডের সুদহার বৃদ্ধি করে সর্বোচ্চ ২৫ শতাংশ করার নির্দেশনা দিয়েছে। এতদিন এই হার সর্বোচ্চ ২০ শতাংশে সীমাবদ্ধ ছিল। আজ রোববার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে, যা আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা এবং ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকগুলো তাদের ঋণের চাহিদা ও তহবিল জোগানের ওপর ভিত্তি করে ২৫ শতাংশের মধ্যে সুদহার নির্ধারণ করতে পারবে।
ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোও তাদের বিনিয়োগের ক্ষেত্রে এই নির্দেশনা অনুসারে মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ক্রেডিট কার্ড সেবায় শীর্ষে থাকা সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এবং স্ট্যান্ডার্ড-চার্টার্ড ব্যাংক সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে সুদহার বাড়ানোর প্রস্তাব দেয়। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক এই হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
এই পরিবর্তনের ফলে ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য খরচ কিছুটা বাড়বে। তবে ব্যাংকগুলোর তহবিল খরচ এবং ঋণ সুবিধা প্রদানের সামঞ্জস্য রক্ষা করতে এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।