রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীতশিল্পী পাপিয়া সারোয়ারের শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। পাপিয়া সরোয়ার ক্যানসারে আক্রান্ত হয়ে কয়েক বছর ধরে চিকিৎসাধীন ছিলেন, এবং গত চার দিন ধরে তিনি ঢাকার তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর আগে তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি হাসপাতালে ছিলেন।
পাপিয়া সরোয়ারের দুই মেয়ে, জারা ও জিশান, বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকেন। মায়ের অসুস্থতার খবর শুনে তারা দেশে রওনা হয়েছেন।
পাপিয়া সরোয়ারের জন্ম বরিশালে। তিনি সংগীতে তার শিক্ষা ছায়ানটে ওয়াহিদুল হক, সন্জীদা খাতুন ও জাহেদুর রহিমের কাছ থেকে নেন এবং পরে বুলবুল ললিতকলা একাডেমি ও শান্তিনিকেতনে রবীন্দ্রসংগীতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
সংগীতে তার অসামান্য অবদানের জন্য ২০২১ সালে তিনি একুশে পদক লাভ করেন, এছাড়া ২০১৩ সালে রবীন্দ্র পুরস্কার এবং ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপও পেয়েছিলেন। যদিও তিনি মূলত রবীন্দ্রসংগীতশিল্পী, তবে তার “নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম” গানটি তাকে সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয়তা এনে দেয়।