রবিবার, ১০ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনে সংঘর্ষ, নিহত ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনে সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ যানবাহনের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। এছাড়া এসব দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) ভোর রাত থেকে সকাল পর্যন্ত মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় কুয়াশায় নিয়ন্ত্রণ হারায় কয়েকটি বাস। এসময় একে একে ৬টি পরিবহনের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

রোববার (২২ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে দুটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরকে ধাক্কা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয় একটি বাসের পিছনের ও একটি বাসের সামনের অংশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারকে চাপা দিলে আহত হয় আরও কয়েকজন।

হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে ঘন কুয়াশার কারণে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। পরে তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এছাড়া ঘন কুয়াশায় মাত্র অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com