রবিবার, ১০ মে ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

ট্রাকের ধাক্কায় নেত্রকোণার একই পরিবারের ৪ জন নিহত

ট্রাকের ধাক্কায় নেত্রকোণার একই পরিবারের ৪ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

ময়মনসিংহে বালুবাহী ড্রামট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে একই পরিবারের চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলার তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোণার সাতবেড়িকান্দা এলাকার আব্দুর রাশিদ (৫৫) ও তার স্ত্রী বকুলা আক্তার (৪৫), বকুলার ভাই বিদ্যা মিয়া (৪২) ও বিদ্যার পুত্রবধূ লাবনী আক্তার (১৮)। তারা সবাই নেত্রকোনা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।
এছাড়াও নিহত বিদ্যা মিয়ার স্ত্রী লাভলী বেগম ও অটোরিকশাচালক অন্তর মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোণায় যাচ্ছিলো। পথে তারাকান্দার গাছতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ড্রামট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরো চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়।

স্বজনরা জানান, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে আব্দুল রাশিদ ও পরিবারের অন্যান্যরা ভোর ৪টার দিকে নেত্রকোনার শিমুলকান্দির উদ্দেশে রওনা হন। ময়মনসিংহ পৌঁছে একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তারা। অটোরিকশাটি তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাশিদ শ্রীপুরের একটি পোশাক কারখানায় ও তার শ্যালক বিদ্যা মিয়া রাজমিস্ত্রীর কাজ করতেন।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত দম্পতি আব্দুর রাশিদ ও বকুলা আক্তারের মরদেহ ময়মনসিংহ মেডিকেলের লাশঘরে এবং বিদ্যা মিয়া ও পুত্রবধূ নেত্রকোনার শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়িতে রয়েছেন।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com