শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাফসা ইসলাম মোহ’র ১৬ বছর বয়সী ছোট ভাই নেত্রকোণা আটপাড়া উপজেলার মনসুরপুর গ্রামের অনিক মিয়াকে গত ১৭ জুলাই নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। তুচ্ছ একটি ঘটনার জেরে কয়েকজন বখাটে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও দুই মাস পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।
হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নেত্রকোনা প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতা, এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনিক হত্যার বিচার নিশ্চিত করার জন্য আওয়াজ তোলেন।
মানববন্ধনে হাফসা ইসলাম মোহ বলেন, আমার ভাই অনিককে সাকিব, নাসির, রেজউদ্দিন, সাইকুল, শফিক, অপু মিলে নির্মমভাবে হত্যা করেছে। দুই মাস পার হলেও এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। তারা স্বাভাবিক জীবন যাপন করছে, অথচ আমার ভাই আজ নেই। আমি আপনাদের বোন, আমার ভাই আপনাদেরও ভাই। আমি আশা করি আপনারাও আমার পাশে দাঁড়িয়ে হত্যাকারীদের বিচারের দাবি জানাবেন।”
মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রাজিব মিয়া, প্রীতম সোহাগ, নাফি, রেদুয়ান জয় এবং আশরাফুল ইসলাম এনি প্রমূখ।
বক্তারা অনিক হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।