শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনায় ‘নিরাপদ প্রজনন স্বাস্থ্য সচেতনতা উন্নয়ন প্রকল্পের’ প্রথম ষান্মাসিক সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সিআরএস-বাংলাদেশ এবং SAAF/International Planned Parenthood Federation এর সহায়তায় এই সভাটি আয়োজন করা হয়।
প্রকল্পের মূল লক্ষ্য হল নেত্রকোনা সদর উপজেলার ৮৬টি সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রদান নিশ্চিত করা। এই প্রকল্পের আওতায় বিভিন্ন ওয়ার্কশপ, কমিউনিটি ক্যাম্প এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে প্রয়োজনীয় সেবা ও পরামর্শ প্রদান করা হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, “প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখবে।” এছাড়াও অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বিশেষজ্ঞরা প্রজনন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা, সেবার মান উন্নয়ন, এবং প্রকল্পের সাফল্য বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করেন।
এই প্রকল্পটি স্বাস্থ্যসেবার মান উন্নত করতে এবং কিশোরী ও নারীদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।