শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনা সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজ্জাদ সিদ্দিকী তারা। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জেলা বাছাই কমিটি তাকে এই সম্মানে ভূষিত করেছে।
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান গতকাল মঙ্গলবার তার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছেন।
সাজ্জাদ সিদ্দিকী তারা নেত্রকোনা পৌর শহরের সরকারি কলেজ রোড এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি নেত্রকোনা সরকারি কলেজ থেকে বিএসএস এবং আনন্দ মোহন কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে তিনি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঠাকুরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক ও শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে ভালো ফলাফল অর্জন করে আসছে।
একাধিক অভিভাবক জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
সাজ্জাদ সিদ্দিকী তারা বলেন, “প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত করায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অর্জন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলাবাসীর প্রতি উৎসর্গ করলাম।”