শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দীর্ঘ ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর সুপারিশ করেছে পে-কমিশন। এতে সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
কমিশনের সুপারিশ অনুযায়ী, বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখেই এই কাঠামো তৈরি করা হয়েছে। তবে বেতন বৈষম্য কমাতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৯.৪ থেকে কমিয়ে ১:৮ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা, যা বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার কথা বলা হয়েছে।
প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর নতুন এই কাঠামোতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় অঙ্কের বেতন বৃদ্ধির সুযোগ থাকছে। বিশেষ করে ১৩তম গ্রেডের শিক্ষকদের মূল বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ২৪ হাজার টাকা হতে পারে। এছাড়া টিফিন ভাতাসহ অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা বাড়ানোর ওপরও বিশেষ জোর দিয়েছে কমিশন।
সরকারের ব্যয় ও কমিশনের ব্যাখ্যা বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান, গত এক দশকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে। তাই ১৮৪টি সভা এবং আড়াই হাজারের বেশি অংশীজনের মতামত নিয়ে এই সুপারিশ করা হয়েছে। তবে এই প্রস্তাব বাস্তবায়ন করতে হলে সরকারকে বছরে অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা ব্যয় করতে হবে।
উল্লেখ্য, মন্ত্রিপরিষদসচিব ও জ্যেষ্ঠ সচিবদের জন্য ২০টি গ্রেডের বাইরে একটি বিশেষ ধাপ বা ‘সুপার গ্রেড’ তৈরির প্রস্তাবও প্রতিবেদনে রাখা হয়েছে। গত ২৭ জুলাই ২০২৫ গঠিত এই কমিশন নির্ধারিত সময়ের আগেই এবং বাজেটের মাত্র ১৮ শতাংশ ব্যয় করেই তাদের প্রতিবেদন প্রস্তুত করেছে।