শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লাহোর: অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘ ৭ বছরের অপেক্ষার অবসান ঘটালো পাকিস্তান। ঘরের মাঠে প্রথম টি-টোয়েন্টিতে অজিদের ২২ রানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে সালমান আলি আগার দল। সাইম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে ২০১৮ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ফরম্যাটে জয়ের স্বাদ পেল পাকিস্তান।
বৃহস্পতিবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ইনিংসের প্রথম বলেই উইকেট হারালেও সাইম আইয়ুব ও অধিনায়ক সালমানের ৭৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। সাইম ৪০ এবং সালমান ৩৯ রান করেন। তবে বাবর আজম ও ফখর জামানদের ধীরগতির ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ১৬৮ রানে থামে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা একাই নেন ৪ উইকেট।
১৬৯ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা মারমুখী হলেও পাকিস্তানি বোলারদের দাপটে খেই হারায় ট্রাভিস হেডের দল। বিশ্বকাপ স্কোয়াডের নিয়মিত পাঁচ তারকা ও নিয়মিত অধিনায়ক মিচেল মার্শকে ছাড়া খেলতে নামা অজিরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। সর্বোচ্চ ৩৬ রান করেন ক্যামেরন গ্রিন। শেষদিকে জাভিয়ের বার্টলেট ঝড়ো ব্যাটিং করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। ১৪৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস।
ব্যাট হাতে ৪০ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন সাইম আইয়ুব। এই জয়ের মাধ্যমে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আগামী ৩১ জানুয়ারি একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।