রবিবার, ২১ Jun ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
কুড়িগ্রামের রৌমারীতে এক নির্বাচনি পথসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম জামায়াতে ইসলামীর ইনসাফ প্রতিষ্ঠার স্লোগান নিয়ে প্রশ্ন তুলেছেন। সোমবার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, “জামায়াত নেতারা ইনসাফ প্রতিষ্ঠার কথা বললেও কোন নীতিতে তা করবেন, সেটি স্পষ্ট নয়। জাতি জানতে চায় তাদের নীতি-আদর্শ কী।”
চরমোনাই পীর জোর দিয়ে বলেন, ইসলামী আদর্শ ছাড়া প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা অসম্ভব। স্বাধীনতার ৫৪ বছরেও সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, “দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কোটি কোটি টাকা পাচার হয়ে বিদেশে বেগমপাড়া তৈরি হয়েছে।”
গত ৫ আগস্টের পটপরিবর্তন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, দেশ গঠনের সুযোগ তৈরি হলেও একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ইসলামের পক্ষের শক্তিকে দূরে সরিয়ে দিয়েছে। প্রচলিত নিয়মে দেশ চললে গত ৫৪ বছরেই উন্নতি হতো বলে তিনি মন্তব্য করেন। রেজাউল করিম আরও বলেন, ইসলামের স্বার্থ রক্ষিত না হওয়ায় তারা এখন এককভাবে পথ চলছেন এবং তাদের সাথে মহান আল্লাহ আছেন।
অনুষ্ঠানে কুড়িগ্রাম-৪ আসনের প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান হাফিজসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।