শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বাংলাদেশ। টানা চার জয়ের পর এবার আইসিসি র্যাংকিংয়েও তার সুফল পেল লাল-সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত পারফরম্যান্সের জেরে ব্যাটার ও বোলার—উভয় বিভাগেই বড় উন্নতি হয়েছে টাইগ্রেসদের।
ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন শারমিন আক্তার। আয়ারল্যান্ডের বিপক্ষে হাফ-সেঞ্চুরি করে এক লাফে ২২ ধাপ এগিয়ে তিনি এখন ৩৫তম স্থানে, যা তার ক্যারিয়ার সেরা র্যাংকিং। ওপেনার দিলারা আক্তারও ৩৩ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা ১০০-তে (যৌথভাবে ৭০তম) জায়গা করে নিয়েছেন। এছাড়া সোবহানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে ৫২তম এবং স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে উঠে এসেছেন।
বোলারদের মধ্যেও বইছে আনন্দের হাওয়া। রাবেয়া খান এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসে নিজের আধিপত্য বজায় রেখেছেন। ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে ৩০তম এবং সানজিদা আক্তার মেঘলাও ৬ ধাপ উন্নতি করে ৫৪তম অবস্থানে রয়েছেন। বাছাইপর্বে এমন ধারাবাহিক পারফরম্যান্স আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা।