রবিবার, ২১ Jun ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
দুই দশক পর আজ রংপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি। দীর্ঘ ২০ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনীতিতে বইছে উৎসবের আমেজ।
দলীয় সূচি অনুযায়ী, আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ৩টা ৪৫ মিনিটে তারেক রহমান রংপুরের পীরগঞ্জে পৌঁছাবেন। সেখানে তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় রংপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত বিশাল জনসভায় যোগ দেবেন তিনি।
বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা জানান, এই সফর সফল করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকেই জনসভার মঞ্চ তৈরিসহ অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে। ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে রংপুর নগরীসহ আশপাশের এলাকায় চলছে জোরদার প্রচারণা।
তারেক রহমানের এই আগমনকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষিত এই সফর থেকে উত্তরবঙ্গের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বার্তা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।